সব
স্বদেশ বিদেশ ডট কম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’–এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচনের জন্য এ বছরের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।
এ বছর সরকারের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন মীর শাহে আলম। চ্যালেঞ্জ দুটি সম্পর্কে তিনি বলেন, একটি হচ্ছে বাজেট বাস্তবায়ন, অন্যটি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা।
স্থানীয় সরকার নির্বাচন মানুষের সামনে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, তিনি উন্নয়নপাগল মানুষ। সে জন্য তিনি এলাকার জন্য কাজ করছেন। হেলিপ্যাড হয়েছে। উপজেলা হয়েছে। রাস্তাঘাট হচ্ছে। মসজিদ ও মন্দিরের উন্নয়ন হচ্ছে। সামনে আরও কাজ হবে।
সংলাপে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, তারেক রহমান বড় হয়েছেন ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকায়। আর তার (মীর শাহে আলম) জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া ও শিবগঞ্জে। তারেক রহমানের সঙ্গে তার রাজনৈতিকভাবে সাক্ষাৎ হয় ১৯৯৩-৯৪ সালে, তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার পর যখন তারেক রহমান বগুড়ায় যাওয়া–আসা শুরু করলেন। পরবর্তী সময়ে বিএনপির কর্মী হিসেবে তিনি বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বগুড়া জেলায় দায়িত্ব পালন করেছেন। যেহেতু তারেক রহমানের বাড়ি বগুড়ায়, তাই তার সঙ্গে বহুবার সাক্ষাৎ হয়েছে। দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তারেক রহমান তাদের স্নেহ করেন। বিভিন্ন সময় পরামর্শ দেন। বগুড়ার মানুষ হিসেবে এটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে তার আছে।
তিনি তাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন—এটুকুই তার সঙ্গে সম্পর্ক। তারেক রহমানের সঙ্গে তার বয়সেরও অনেক তারতম্য রয়েছে।