মেস কক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ


বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেস কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার একটি মেস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ভবনটির নিচতলার কক্ষগুলো শিক্ষার্থীরা মেস হিসেবে ব্যবহার করেন। এর একটি কক্ষে উচ্ছ্বাস কর্মকার থাকতেন। মঙ্গলবার সারাদিন তার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। রাতে কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে পাশের কক্ষের শিক্ষার্থীরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে উচ্ছ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গাজী সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

বরিশাল বন্দর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “লাশের সার্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুইদিন আগে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কক্ষে থাকা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh