হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে, পৌর এলাকায় ১৪৪ ধারা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ

বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম এবং চলমান উত্তেজনার কারণে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। জনস্বার্থে পুরো হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের বহনকারী গাড়িবহরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করে দলটি।

পুলিশ জানায়, এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবরুদ্ধ করা হলে তারা হামলা থেকে বাঁচতে সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

এনসিপি তাদের পূর্বঘোষিত মৌলভীবাজার জেলার দুটি ‘জুলাই পদযাত্রা’ সাময়িক স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। অন্যদিকে জেলা ছাত্রদল ও বিএনপিও পৃথক কর্মসূচি ঘোষণা করলে শহরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এনসিপি নেতাদের দাবি, পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালান। এতে সাংবাদিক ও এনসিপির নেতাকর্মীরা আহত হন।

অন্যদিকে ছাত্রদল নেতাদের অভিযোগ, এর আগে আজমিরীগঞ্জে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির নেতারা বিএনপি নেতাদের নাম উল্লেখ করে ‘গুণ্ডাবাহিনী’ বলে মন্তব্য করেন। এতে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় টাউন হল এলাকায় এনসিপির পদযাত্রা শেষে তারা বিক্ষোভ করেন।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিরাপদে সার্কিট হাউসে নিয়ে যায়। পরে রাত প্রায় ১১টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তায় তাদের সিলেটে পাঠানো হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh