নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি, টাকা-মোবাইল ছিনতাই

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জে এক অটোরিকশাচালককে অস্ত্রের মুখে ধরে নিয়ে এক লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করা হয়। আহত চালককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বর্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান।

গুলিবিদ্ধ রাব্বি হোসেন রাকিব (২২) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।

তিনি বলেন, রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে তিনি বাসায় ফিরছিলেন। পথে একদল অস্ত্রধারী ইউনিয়ন পরিষদের পাশে তাঁর অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে পাশের একটি বাড়ির পেছনে নিয়ে যায়।

সেখানে একই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করে দেয়।

একপর্যায়ে তিনি পাশের ডোবায় লাফ দিয়ে পালিয়ে যান। আহত রাব্বি হোসেন রাকিবকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, “এক ব্যক্তির শরীরে একটি ২.২ বোরের ছোট গুলি লাগার খবর পেয়েছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh