সব
স্বদেশ বিদেশ ডট কম
পূর্ব লন্ডনে জমজমাট দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশন (বিবিসিএ)। রোববার (১৬ আগস্ট) মাইক্রো বিজনেস পার্ক হলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাঙালি ও ইংলিশ দাবাড়ুদের পাশাপাশি ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক, উগান্ডা, আফগানিস্তান ও রাশিয়ার লন্ডনভিত্তিক খেলোয়াড়রাও অংশ নেন।
১০ মিনিটের র্যাপিড ফরম্যাটে ৫ সেকেন্ড ইনক্রিমেন্টসহ অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ১০-১২ বছরের কিশোর-কিশোরী থেকে শুরু করে ৬০-৭০ বছরের বেশি বয়সী প্রবীণ দাবাড়ুরাও প্রতিযোগিতায় অংশ নেন।
ছয় রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে ৬ পয়েন্টের সবকটি অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হন হেন্ডন চেস ক্লাবের ফিডে মাস্টার (এফএম) জন আর রিচার্ডসন। ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হন কিংস্টন চেস ক্লাবের ইন্টারন্যাশনাল মাস্টার (আইএম) পিটার লার্জ।
মেজর বিভাগে ৫ পয়েন্ট করে যৌথ চ্যাম্পিয়ন হন আপমিনিস্টার ক্লাবের ড্যানিয়েল ফজুইতান ও সাউথ ওয়েস্ট লন্ডনের তাড়ান প্যাটেল। বিবিসিএ সদস্যদের মধ্যে সভাপতি তারিক খান ও কার্যকরী কমিটির সদস্য হাসান মোগালু যৌথভাবে রেটিং পুরস্কার লাভ করেন।
প্রতিযোগিতার চিফ আরবিটার ছিলেন মাইক্যাল ফ্লাট। টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করেন কমিউনিটি নেতা মুহিবুর রহমান, সাংবাদিক নবাব উদ্দিন এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুল হক।
প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের আগে বিবিসিএর চিফ অ্যাডভাইজার আবু মুসা হাসান ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজনের পরিকল্পনার কথা জানান। অংশগ্রহণকারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ সেপ্টেম্বর আরও একটি ফিডে র্যাপিড টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
পরে অতিথি ও বিবিসিএর কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারের পরিচালক ড. এম এ হান্নানসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারভিত্তিক বিবিসিএ ২০১৫ সাল থেকে দাবা চর্চা ও টুর্নামেন্ট আয়োজন করে আসছে। ক্লাবের সদস্যরা প্রতি রোববার বিকেল ৩টা থেকে ৭টা পর্যন্ত নিয়মিত দাবা খেলেন ও অনুশীলন করেন। বর্তমানে ক্লাবটির দুটি দল লন্ডন চেস লিগে অংশগ্রহণ করছে। ২০২৬-২৭ মৌসুমে একটি দল ডিভিশন-২ এবং অন্যটি ডিভিশন-৪-এ খেলবে।
বিবিসিএতে বছরে মাত্র ২০ পাউন্ড চাঁদায় সদস্য হয়ে দাবা খেলা, প্রশিক্ষণ নেওয়া ও ক্লাবের অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করা যায়।