ইমাম-উলামা পরিষদের আপত্তিতে কিশোরগঞ্জে কনসার্ট বাতিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ

কিশোরগঞ্জে ইমাম উলামা পরিষদের আপত্তির মুখে পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে।

বুধবার(১৯ আগস্ট)কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠানের কথা ছিল। এতে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ ও সংগীতশিল্পী নোবেল গান পরিবেশন করার কথা ছিল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে কনসার্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে। এ কারণে কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে।”

সোমবার কনসার্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন আলিশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল। একদিন পর কনসার্ট বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে কিশোরগঞ্জ সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ।

সংগঠনটির সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ আবেদনটি করেন। আবেদনে কনসার্টে গান-বাজনার আয়োজনকে ‘শরিয়তবিরোধী’ বলা হয় এবং সেটি বন্ধের দাবি জানানো হয়।

একই সঙ্গে এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও বলা হয়।

এ ছাড়া সংগঠনটির পক্ষ থেকে বুধবার বিকেলে কনসার্ট বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিলের ডাকও দেওয়া হয়েছিল।

দুপুরে কনসার্টের অনুমতি বাতিলের বিষয়টি জানতে পেরেছেন বলে জানান মাওলানা আহমাদুল্লাহ। তিনি বলেন, তাদের আবেদনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। এজন্য জেলা প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান।

শুরুতে কনসার্টের অনুমতি দেওয়া হয়েছিল স্বীকার করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “আয়োজক প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স নেই।”

আয়োজক প্রতিষ্ঠান আলিশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল বলেন, রেস্টুরেন্টের র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করার পর তারা অনুষ্ঠান আয়োজনের অনুমতিও পেয়েছিলেন। তবে দুপুরে প্রশাসনের পক্ষ থেকে কনসার্ট আয়োজন না করার কথা জানানো হয়।

তিনি বলেন, তাদের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় জেলা প্রশাসনের কাছ থেকেই তারা কনসার্টের অনুমতি নিয়েছিলেন। শেষ মুহূর্তে প্রশাসনের সিদ্ধান্তে অনুমতি বাতিল হওয়ায় তারা অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হয়েছেন। অনুমতি বাতিলের খবর পাওয়ার পর মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh