হরমুজ আমেরিকার হলে ক্যালিফোর্নিয়া ইরানের: ট্রাম্পকে তেহরানের ব্যঙ্গাত্মক জবাব

আন্তর্জাতিক ডেস্ক:,

  • প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ


হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের ব্যঙ্গাত্মক জবাব দিয়েছে ইরান।

ভারতে অবস্থিত ইরানের হায়দরাবাদ কনস্যুলেটের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে লেখা হয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড।’

এর আগে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করে কৌশলগত এই জলপথকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করেন। হোয়াইট হাউসও পরে এক্সে ট্রাম্পের পোস্টটি পুনঃপ্রকাশ করে।

ট্রাম্প এর আগে নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে দাবি করেন, ইরানকে পুরোপুরি পরাজিত করার পর তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন। তাঁর দাবি, মার্কিন নৌ অবরোধের কারণে জলপথটি কার্যত ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে ট্রাম্পের এ বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, বিমানবাহী রণতরি পাঠানো কিংবা কোনো আদেশ জারি করে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়। তাঁর ভাষায়, হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে এবং থাকবে।

ইরানের কনস্যুলেটের প্রকাশিত ক্যালিফোর্নিয়ার মানচিত্রকে ট্রাম্পের ভূখণ্ড দখলের দাবির প্রতীকী ও ব্যঙ্গাত্মক পাল্টা জবাব হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র: আনাদোলু

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh