লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ


লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তারা দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বহনকারী বুরাক এয়ারের ফ্লাইটটি আজ সকাল ৯টা ৪৭ মিনিটে ঢাকা পৌঁছায়।

লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা ফেরত আসা বাংলাদেশিদের বিমানবন্দরে স্বাগত জানান।

মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বেশিরভাগই মানবপাচারকারীদের হাতে পড়ে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর উদ্দেশে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকের অভিযোগ, লিবিয়ায় অবস্থানকালে বিভিন্ন সময়ে তাদের অপহরণ ও নির্যাতন করা হয়েছে।

অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ফেরত আসাদের তিক্ত অভিজ্ঞতা অন্যদের জানানোর আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরত আসা সবার যাতায়াত খরচ, খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সেবা এবং প্রয়োজন অনুযায়ী সাময়িক বাসস্থানের ব্যবস্থা করেছে আইওএম।

এর আগে, অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করে বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি গত ১৮ আগস্ট আইওএমের সহায়তায় দেশে ফেরেন। এর দুই সপ্তাহ পর এলেন আরও ১৭৪ জন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh