ধামরাইয়ে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ, সৎবাবা গ্রেপ্তার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে আজাহারুল ইসলাম কাওছার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান। এর আগে বুধবার রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজাহারুল ইসলাম সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার সমাসপুর সুতি গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি কেলিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মা প্রথম স্বামী ছেড়ে যাওয়ার পর দুই কন্যাসন্তানকে নিয়ে আজাহারুলকে বিয়ে করেন। তিনি ধামরাইয়ের কচমচ এলাকায় বাংলাদেশ বেতার অফিসে রান্নার কাজ করেন। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত আজাহারুল তাঁর স্ত্রীকে খাটের সাথে হাত-পা বেঁধে মুখে কসটেপ লাগিয়ে রাখেন। এরপর কৌশলে বড় মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ঘরটিতে প্রবেশ করেন এবং ভয়ভীতি দেখিয়ে ১৪ বছরের কিশোরী মেয়েটিকে ধর্ষণ করেন।

পরদিন বুধবার সকালে কিশোরী বিষয়টি তার মাকে জানালে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় আজাহারুলকে আটক করে মারধর করে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh