আসিফ মাহমুদের সময়ের নিয়োগ, পদোন্নতি ও বদলির নথি চাইল দুদক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ


সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্বকালে এ মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলির তথ্য ও নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ৩৮ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব দেওয়া, তা বাতিল ও বদলির নথিও চাওয়া হয়েছে।

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হওয়ার পরদিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে এসব নথি চেয়েছে দুদক।

দুদক সচিব মো. সাইদুর রহমান খান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এটি অনুসন্ধান পর্যায়ে। অনুসন্ধানের জন্য আমরা বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছি।

অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের নেতা মো. জাহিদ কালাম স্বাক্ষরিত চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্য ও নথি পাঠাতে বলা হয়েছে।

এর আগে বুধবার আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক। পরে রাতে সংবাদ সম্মেলন করে অভিযোগসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারে দুদককে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh