সব
স্বদেশ বিদেশ ডট কম

খুলনা মহানগরীতে চারটি মোটরসাইকেলে আসা আটজনের হামলায় মোস্তাকিন নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে সোনাডাঙ্গার তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, রাতে তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন ২৮ বছর বয়সি মোস্তাকিন। এ সময় চারটি মোটরসাইকেলে আটজনের একটি দল এসে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তাকিন খুলনা সদর থানার আলকাতরা মিলের পাশের এলাকার বাসিন্দা শহিদুলের ছেলে। তিনি নগরের একটি ইলেকট্রিক দোকানের মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘‘কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।’’
সাম্প্রতিক সময়ে খুলনায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। খুলনা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত নগরে ২৪টি হত্যাকাণ্ড ঘটেছে।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশান) এম এম শাকিলুজ্জামান বলেন, ‘‘নগরের অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার। তবে বেশিরভাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।’’
এছাড়া কয়েকদিন আগে ৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, বলেন তিনি।