কৃষক পরিবারের সন্তান ড. মুনীর আহমেদের পিএইচডি অর্জন

নিজস্ব প্রতিবেদক,

  • প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:১২ অপরাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান ড. মুনীর আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আর্থিক সীমাবদ্ধতা পেরিয়ে শিক্ষাজীবন, দুই দশকের বেশি সময় ভেটেরিনারি পেশায় দায়িত্ব পালন, পরিবার ও চাকরির ব্যস্ততার পাশাপাশি গবেষণা চালিয়ে তাঁর এই অর্জনকে দীর্ঘ অধ্যবসায়ের ফল হিসেবে দেখছেন তিনি।

২১ সেপ্টেম্বর ২০২৬ তাঁর পিএইচডি ডিগ্রি আনুষ্ঠানিকভাবে প্রদান ও প্রকাশিত হয়। তাঁর গবেষণার বিষয় ছিল “Analysis of heavy metals, bacterial contaminants and antibiotic residues in milk and dairy products in and around Dhaka city to assess some public health concerns.”

গবেষণায় ঢাকা ও আশপাশের এলাকার দুধ ও দুগ্ধজাত পণ্যে ভারী ধাতু, ব্যাকটেরিয়াজনিত দূষণ এবং অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ বিশ্লেষণ করে এসব উপাদানের সঙ্গে সংশ্লিষ্ট জনস্বাস্থ্যগত ঝুঁকি ও তাৎপর্য মূল্যায়ন করা হয়েছে।

ড. মুনীর আহমেদ জানান, একটি সাধারণ কৃষক পরিবারের আর্থিক সীমাবদ্ধতার মধ্য দিয়ে তাঁর বেড়ে ওঠা। শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে শিক্ষাজীবন সম্পন্ন করার পর তিনি ভেটেরিনারি পেশায় যুক্ত হন। দুই দশকের বেশি সময় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণা চালিয়ে যান। চাকরি, পরিবার ও গবেষণার দায়িত্ব একসঙ্গে সামলে শেষ পর্যন্ত পিএইচডি অর্জনের স্বপ্ন পূরণ করেন তিনি।

গবেষণাকাজে তাঁর সুপারভাইজার ছিলেন প্রফেসর ড. গোলাম মোস্তফা, DSc। সহ-সুপারভাইজার ছিলেন ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার (PSO), ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, গবেষণা শাখা, ইনস্টিটিউট অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IFST), বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (BCSIR), ঢাকা।

ড. মুনীর আহমেদ তাঁর গবেষণাযাত্রায় দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য সুপারভাইজার ও সহ-সুপারভাইজারসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও কর্মকর্তা, বিভিন্ন গবেষণাগার ও প্রতিষ্ঠান, গবেষণা সহকর্মী, পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পিএইচডি অর্জনের পর নিজের অনুভূতি প্রকাশ করে ড. মুনীর আহমেদ বলেন, ২২ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি তাঁর নামের সঙ্গে ‘PhD’ যুক্ত হয়েছে। এই অর্জনকে তিনি শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না; বরং ভেটেরিনারি পেশা, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও গবেষণাক্ষেত্রে আরও অর্থবহভাবে অবদান রাখার নতুন দায়িত্ব হিসেবে দেখছেন।

অনন্তপুর গ্রামের সাধারণ একটি কৃষক পরিবার থেকে উঠে এসে উচ্চশিক্ষার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর এই যাত্রাকে ড. মুনীর আহমেদ অধ্যবসায়, পরিশ্রম ও স্বপ্নপূরণের অভিজ্ঞতা হিসেবে দেখছেন। তাঁর মতে, পারিবারিক বা আর্থিক সীমাবদ্ধতা থাকলেও চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব।

তিনি তাঁর এই অর্জনের জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh