শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:০৫ অপরাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন মাইজদী চা-বাগানের বাসিন্দা অমৃত সিংয়ের ছেলে জয় সিং ও একই এলাকার সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে শ্রীমঙ্গল থেকে মিরপুরগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh