সব
স্বদেশ বিদেশ ডট কম
ব্যবসা ও টেলিভিশন জগতের পর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও সাফল্য
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মৌলভীবাজারের শেকড়ের এক ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা খানের সাফল্যে অভিনন্দন জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, তাঁর এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের।
আসন্ন কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড নারী দলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে আনিসা খানের। ব্যবসা, টেলিভিশন ও ক্রীড়াঙ্গনে তাঁর সাফল্য ইতোমধ্যে তাঁকে বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে পরিচিত করেছে।
আনিসার পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। প্রবাসে বেড়ে ওঠা আনিসা উচ্চশিক্ষা অর্জন করেছেন লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে। পেশাগত জীবনে তিনি কনসালট্যান্ট ও খাদ্য উদ্যোক্তা। যুক্তরাজ্যের ফুড ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা তিনি। বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালিস্ট ও রানারআপ হয়েও পরিচিতি অর্জন করেন।
ব্যস্ত পেশাগত জীবনের পাশাপাশি খেলাধুলার প্রতি অনুরাগ ধরে রেখেছেন আনিসা। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কাবাডি খেলা শুরু করেন তিনি। দীর্ঘ অনুশীলন ও একাগ্রতার মধ্য দিয়ে জাতীয় দলের অধিনায়ক হওয়ার সুযোগ তাঁর ক্রীড়াজীবনের গুরুত্বপূর্ণ অর্জন।
এক যৌথ অভিনন্দন বার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, প্যাট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চিফ কো-অর্ডিনেটর আলহাজ মসুদ আহমদ, সাবেক সদস্যসচিব ড. মুজিবুর রহমান, নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক এম আসরাফ মিয়া, কোষাধ্যক্ষ হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্যসচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও শাখা কমিটির নেতৃবৃন্দ আনিসা খানকে অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বলেন, ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া আনিসা খানের অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের। তাঁরা তাঁর আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন এবং সবার কাছে তাঁর জন্য দোয়া চান।