সব
স্বদেশ বিদেশ ডট কম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পাশবিক ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই অমানবিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ওই শিশুটিকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শুক্রবার রাতে শিশুটি তার ছোট বোনকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে চানমারী এলাকায় যায়। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি তার বোনকে খুঁজে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি ইজিবাইকে তুলে নেয়। পরে তাকে শিবু মার্কেট এলাকার অজ্ঞাত কোনো স্থানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অজ্ঞাত কয়েকজন ব্যক্তি আহত অবস্থায় শিশুটিকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির কোনো অভিভাবককে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে ফতুল্লা থানা-পুলিশ দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসি আরও জানান, এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ ত্বরান্বিত হবে।