ছাত্রদল নেতার জানাজার পর নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পরপরই এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর মালিকানাধীন শপিং মলে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের ‘রাশ মেগা মল’-এ এই তাণ্ডব চালানো হয়।

স্থানীয়দের ধারণা, শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানের সঙ্গে মলটির মালিক রাসেল হোসাইনের ঘনিষ্ঠতা থাকায় ক্ষোভের জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

গত ১৪ অক্টোবর রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে তিনি মারা যান। এ হত্যায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এমপিপুত্র নূরুজ্জামানকে আটক করে পুলিশ এবং আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাতে ঢাকা থেকে শাকিলের মরদেহ গুরুদাসপুরে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শেষে মাইকিং করে লোকজনকে বিক্ষোভ মিছিলে ডাকা হয়। এরপর ২০০ থেকে ২৫০ জনের একটি মিছিল চাঁচকৈড় বাজারে গিয়ে রাসেল হোসাইনের শপিং মলে হামলা চালায়।

মিছিলে অংশ নেওয়া বিক্ষুব্ধ লোকজন এবং কিছু সুযোগসন্ধানী শপিং মলের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে থাকা তৈরি পোশাক, প্রসাধনী ও জুতার দোকানে অবাধে লুটপাট চালানো হয়। প্রায় ৪০ মিনিট ধরে চলা এই লুটপাটে অনেকেই মাথায় এবং রিকশা-ভ্যানে করে নির্বিঘ্নে মালামাল নিয়ে যায়। লুটপাট শেষে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

শপিং মলের স্বত্বাধিকারী প্রবাসী রাসেল হোসাইন অভিযোগ করেন, একটি মহল দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠানটি বন্ধের পাঁয়তারা করছিল। শাকিল হত্যার ইস্যুকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে তাঁর প্রতিষ্ঠানে ভাঙচুর ও প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট করা হয়েছে।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার জানান, কিছু সুযোগসন্ধানী লোক মব তৈরি করে একজন প্রবাসীর ব্যাপক ক্ষতিসাধন করেছে। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh