কারিগরি ত্রুটিতে টোকিও থেকে ঢাকাগামী প্রধানমন্ত্রীর ফ্লাইটে বিলম্ব

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাপানের টোকিও থেকে ঢাকাগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইটে বিলম্ব হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় এ ত্রুটি দেখা দেয়।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যায়। তবে উড্ডয়নের আগেই রানওয়েতে থেমে যায় সেটি।

প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না।

তিনি আরও জানান, দুই প্রকৌশলী ত্রুটি সারানোর কাজ করছেন। সমস্যা সমাধান হলে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে। পরে উড়োজাহাজটি ফিরিয়ে টারমাকে নেওয়া হয়।

উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গী দলের অন্য সদস্যরা রয়েছেন।

জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিও থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা ছিল।

ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর জাপানে পৌঁছান তারেক রহমান।

সূত্র: ইউএনবি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh