হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আবৃত্তি শিল্পী মেহেদী হাসান

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী মেহেদী হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর-১১ নম্বরে অবস্থিত ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন।

পারিবারিক ও সংগঠন সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হৃদযন্ত্রে জরুরি ভিত্তিতে দুটি রিং (করোনারি স্টেন্ট) স্থাপন করেছেন। শারীরিক পরিস্থিতি বিবেচনায় আজ তাঁর আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের বাংলাদেশ জার্নালকে জানিয়েছে, মেহেদী হাসান বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সংগঠনের পক্ষ থেকে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশের সব সংস্কৃতিকর্মী, আবৃত্তিশিল্পী এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার বিকেলে হাসপাতালে এই শিল্পীকে দেখতে যাওয়ার কথা রয়েছে ফেডারেশনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের। সংস্কৃতি অঙ্গনের এই প্রিয় ব্যক্তিত্বের দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে উদ্বেগ প্রকাশ করে তাঁর সুস্থতা কামনা করছেন।

সংক্ষিপ্ত পরিচিতি ও অবদান

মেহেদী হাসান বাংলাদেশের আবৃত্তিচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি দেশের আবৃত্তি সংগঠনগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

নব্বইয়ের দশকের শেষের দিকে এবং দুই হাজার সালের শুরুর দিকে জনপ্রিয় বেশ কিছু একক ও যৌথ আবৃত্তি সংকলন বা অ্যালবামের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে ‘মিথিলা’, ‘তৃষিত তিমির’ এবং ‘নীলখাম’ অ্যালবামে তাঁর কণ্ঠের ধারাবর্ণনা ও কবিতা আবৃত্তি বোদ্ধামহলে সমাদৃত হয়।

শুদ্ধ উচ্চারণ শিক্ষা, তরুণ প্রজন্মের মধ্যে আবৃত্তিশিল্প ছড়িয়ে দেওয়া এবং জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh