প্রশাসনিক কাজে গতি: নতুন ২ থানা ও ২ পৌরসভার অনুমোদন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১:৪২ অপরাহ্ণ

দেশের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং নতুন দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবেও সবুজ সংকেত দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) এক গুরুত্বপূর্ণ সভায় এসব প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নিকার সভার অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। একইভাবে বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে ভেঙে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে বগুড়া জেলার মোকামতলা ও সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন এলাকায় নতুন করে দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় থানার নাম পরিবর্তন ও উপজেলা সদরের স্থান নির্ধারণ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে মিল রেখে বর্তমান ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ রাখা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা ভেঙে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়। একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজার বদলে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিকার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের এই প্রস্তাবগুলো সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উত্থাপন করা হয়েছিল। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh