অকার্যকর হচ্ছে জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক, বাড়ছে মৃত্যুঝুঁকি : বিএমইউর গবেষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ

অ্যান্টিবায়োটিক আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। একসময় প্রাণঘাতী হিসেবে বিবেচিত বহু সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে এই ওষুধের কল্যাণে। কিন্তু অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহারে সেই অর্জন এখন হুমকির মুখে। মানুষের শরীরে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে বিভিন্ন ধরনের জীবাণু। ফলে একের পর এক অ্যান্টিবায়োটিক হারাচ্ছে কার্যকারিতা। এমনকি গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী ওষুধও অনেক ক্ষেত্রে জীবাণুর বিরুদ্ধে কাজ করছে না। এতে নিউমোনিয়া, মূত্রনালির সংক্রমণ ও সেপসিসের মতো রোগের চিকিৎসাও কঠিন হয়ে উঠছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের প্রকাশিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট ২০২৫-২০২৬’-এ উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। প্রতিবেদন অনুযায়ী, এক বছরে কার্বাপেনেম-প্রতিরোধী প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুর হার ২৮ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৩৬ দশমিক ২ শতাংশ হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রোগীদের শ্বাসনালির নমুনায় কিছু জীবাণুর ক্ষেত্রে এই প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।

প্রতিবেদনে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের মোট ৫০ হাজার ৮৪৪টি নমুনা বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ১৩ হাজার ২৫১টি নমুনায় ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত মেরোপেনেমের বিরুদ্ধে প্রধান ছয় ধরনের গ্রাম-নেগেটিভ জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টিতে প্রতিরোধক্ষমতা শনাক্ত হয়েছে।

জীবাণুভেদে পরিস্থিতি আরও উদ্বেগজনক। ক্লেবসিয়েলার ক্ষেত্রে কার্বাপেনেম প্রতিরোধের হার ২৭ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে। ই. কোলাইয়ের ক্ষেত্রে এই হার ১৪ থেকে বেড়ে ২০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। হাসপাতালকেন্দ্রিক সংক্রমণের জন্য পরিচিত অ্যাসিনেটোব্যাক্টর ও সিউডোমোনাসের ক্ষেত্রে প্রতিরোধের হার যথাক্রমে ৫৭ দশমিক ৫ ও ৫২ দশমিক ১ শতাংশ। বিশেষ করে আইসিইউ রোগীদের শ্বাসনালির নমুনায় ক্লেবসিয়েলা ও অ্যাসিনেটোব্যাক্টরের বিরুদ্ধে কার্বাপেনেমের কার্যকারিতা ৯৫ শতাংশের বেশি ক্ষেত্রে হারানোর তথ্য পাওয়া গেছে।

সাধারণ সংক্রমণেও কার্যকারিতা কমছে

অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি শুধু আইসিইউ বা জটিল রোগের মধ্যে সীমাবদ্ধ নেই। মূত্রনালির সংক্রমণের অন্যতম প্রধান জীবাণু ই. কোলাইয়ের বিরুদ্ধেও বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে। প্রতিবেদনে দেখা যায়, মূত্রের নমুনায় পাওয়া ই. কোলাইয়ের ৮২ দশমিক ৮ শতাংশ অ্যামোক্সিসিলিন, ৭৩ দশমিক ৫ শতাংশ সিপ্রোফ্লক্সাসিন এবং ৯২ দশমিক ২ শতাংশ সেফট্রিয়াক্সোনের বিরুদ্ধে প্রতিরোধী। নাইট্রোফিউরানটইনের বিরুদ্ধে প্রতিরোধের হারও এক বছরে ৩৩ দশমিক ৩ থেকে বেড়ে ৫০ দশমিক ১ শতাংশ হয়েছে।

রক্তের নমুনায় পাওয়া ক্লেবসিয়েলার ৫৬ শতাংশ, অ্যাসিনেটোব্যাক্টরের ৬২ দশমিক ১ শতাংশ এবং ই. কোলাইয়ের ৩৩ দশমিক ৩ শতাংশ মেরোপেনেমের বিরুদ্ধে প্রতিরোধী। এ ছাড়া এমআরএসএ সংক্রমণের হার ২০২২-২৩ সালের ৯ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২৬ দশমিক ৩ শতাংশ হয়েছে। টাইফয়েড জীবাণুর প্রায় ৫০ শতাংশ সিপ্রোফ্লক্সাসিনের বিরুদ্ধে প্রতিরোধী, আগের বছর যা ছিল ৪০ দশমিক ৩ শতাংশ।

অপব্যবহারই প্রধান কারণ

বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক গ্রহণ, ভুল মাত্রায় ওষুধ ব্যবহার, নির্ধারিত সময়ের আগে চিকিৎসা বন্ধ করা এবং প্রয়োজন না থাকলেও শক্তিশালী অ্যান্টিবায়োটিক গ্রহণের কারণে জীবাণু প্রতিরোধী হয়ে উঠছে। পাশাপাশি হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণে দুর্বলতা এবং পোলট্রি ও গবাদিপশুতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারও পরিস্থিতিকে জটিল করছে।

বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে বিশ্বজুড়ে বহু মানুষ মারা যাচ্ছে। জীবাণু প্রতিরোধী হয়ে উঠলে রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ বন্ধ করতে হবে। ফার্মেসিতে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করাও জরুরি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারের নির্দিষ্ট মাত্রা ও মেয়াদ রয়েছে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তা অনুসরণ করতে হবে। যথেচ্ছ ব্যবহারের কারণে রোগীর সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনের সময়ও অ্যান্টিবায়োটিক কার্যকর থাকছে না।

বিশেষজ্ঞরা বলছেন, এ সংকটের প্রভাব শুধু চিকিৎসায় সীমাবদ্ধ থাকবে না। প্রতিরোধী জীবাণুর সংক্রমণে হাসপাতালে দীর্ঘদিন থাকতে হতে পারে, বাড়বে চিকিৎসার ব্যয় এবং নিবিড় পরিচর্যার প্রয়োজন। ক্যানসারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন ও বড় অস্ত্রোপচারের মতো আধুনিক চিকিৎসাও এতে ঝুঁকির মুখে পড়তে পারে।

এ পরিস্থিতিতে বিএমইউর প্রতিবেদনে হাসপাতালভিত্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের নীতিমালা প্রণয়ন, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কর্মসূচি সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) বিএমইউতে বিভিন্ন সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এবারের প্রতিপাদ্য, ‘এখনই পদক্ষেপ নিন, আমাদের বর্তমানকে রক্ষা করুন, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন’। কর্মসূচিতে চিকিৎসক, রোগী ও সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh