চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনায় কমিটি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৭:১০ অপরাহ্ণ

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রদানের লক্ষ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মূয়ীদ চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি করা হয়েছে।

এদিকে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দুপুরে রাজধানীর শাহবাগে আন্দোলন করেন চাকরিপ্রত্যাশীরা। শাহবাগে অবস্থানের পর তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। তবে তারা এখনো সেখানে অবস্থান করছেন। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। তিনি (প্রধান উপদেষ্টা) ছাড়া অন্য কারো সঙ্গে আলোচনা করতে রাজি নন আন্দোলনকারীরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh