ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ণ

ব্রাজিলে ১০ আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। এছাড়া বিধ্বস্ত স্থানে থাকা ১৭ জন আহত হয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিমানটি স্থানীয় একটি দোকানের ওপর বিধ্বস্ত হয়।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ব্রাজিলের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা গ্রামাদোর একটি দোকানের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানে ১০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন।

রিও গ্রান্ডে দো সুল গভর্নর এডওয়ার্ড লেট বলেন, দুর্ঘটনায় বিমানের মালিক ও পাইলটসহ আরো ৯ সদস্য নিহত হয়েছেন। নিহত সবাই বিমানের মালিকের পরিবারের সদস্য ছিলেন।

লেট সংবাদ সম্মেলনে জানান, বিমানটি যে দোকানের ওপরে বিধ্বস্ত হয়, সেই স্থানের আরো অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গভর্নর জানান, ১৯৯০ সালে তৈরি এ বিমানটি রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি সাও পাওলো স্টেটেরে জুনদিয়ার দিকে যাচ্ছিল। এ সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা)।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। এরপর এটি একটি বাড়ির দ্বিতীয়তলায় আসবাবপত্রের দোকানে বিধ্বস্ত হয়। কাছাকাছি থাকা অবকাশকেন্দ্রেও এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh