সব
প্রবাস ডেস্ক,
২০২৪ সালের জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে-এর উদ্যোগে স্থানীয় সময় সোমবার এক রেস্টুরেন্টের হলরুমে এই মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেটের শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ আসয়াদুল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেক্রেটারি তাহমিদ হোসেন খান-এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে-এর কেন্দ্রীয় সভাপতি ও এমএসটিভি ইউকের সম্পাদক মুসলিম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাইটস অব দ্য পিপল-এর সভাপতি আসাদুজ্জামান শাফি, তরুণ আইনজীবী সাইফুর রহমান পারভেজ ও বিশিষ্ট কমিউনিটি নেতা রফিকুল ইসলাম এমদাদ।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের তালিকা তৈরি করে তাদের পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করতে হবে। তারা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার পাশাপাশি জুলাই বিপ্লবের ইতিহাসও বিকৃত করার চেষ্টা করছে।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ইতিহাস বিকৃত করবে, তাদের স্থান হবে ডাস্টবিনে। বক্তারা শহীদদের স্মরণে অনুসন্ধানী সাংবাদিকতা ও ঐতিহাসিক সত্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোর্শেদ আহমদ খান, সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারি আরিফ আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ, লন্ডন মহানগর শাখার সভাপতি আশরাফ আহমেদ, সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল, ইস্ট লন্ডন শাখার সভাপতি আবদুল হামিদ শিমুল, সাংগঠনিক সম্পাদক রাহিদ আলীসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে নিজাম উদ্দিনের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।