ইসরায়েলি হামলায় আরো ৬৭ ফিলিস্তিনি নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ২০০। এতে করে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

এ ছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বার্তা সংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৬৭ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ২৪৯ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এতে বলা হয়েছে, ৯৮ জন নিহত ফিলিস্তিনির তথ্য সম্পন্ন হওয়ার পর তাদের নাম রেজিস্ট্রিতে যুক্ত করার পর মৃতের সংখ্যা বেড়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আরো ১৮৪ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ২৩ হাজার ৪৯২ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh