শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ

জুলাই অভ্যুত্থান দমন করতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ১ জুলাই নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন গাজী মোনাওয়ার হোসাইন তামিম।

এর আগে ১৬ জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। ১৭ জুন দেওয়া হয় আত্মসমর্পণের নির্দেশ।

বিগত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো, হত্যা ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি গঠিত হয়। মামলায় অভিযোগ রয়েছে, শেখ হাসিনা ছিলেন এ সব ঘটনার ‘পরিকল্পনাকারী ও নির্দেশদাতা’।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর এই মামলার তদন্ত শেষ করার জন্য দুই মাস সময় নির্ধারণ করে আদালত। পরে ২০২৫ সালের ১২ মে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনে শেখ হাসিনাকে ‘জুলাই গণহত্যার নির্দেশদাতা’ হিসেবে চিহ্নিত করা হয়।

১ জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয়। ওইদিন নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে। আদালতে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার ও মিজানুল ইসলাম।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh