৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ

সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (৯ জুলাই) সকাল পর্যন্ত সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

মঙ্গলবার রাতে এক সতর্ক বার্তায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর আশপাশে একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে শুরু হয়ে মধ্যপ্রদেশ, বিহার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুরের অনেক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে অতিভারী বৃষ্টিপাত।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh