নেতাকর্মীদের সামাল দিতে না পারা দলের হাতে কেউ নিরাপদ নয়: জামায়াত আমির

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ৯:১০ অপরাহ্ণ


নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ কোনো দলের হাতে একজন মানুষও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেটের শাহী ঈদগাহ এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে’ এই সভার আয়োজন করে সিলেট মহানগর জামায়াত।

ডা. শফিকুর রহমান বলেন, “আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হওয়া উচিত। আগের মতো প্রহসনের নির্বাচন আর চাই না। যারা খুন করেছেন, তাদের বিচার চাই।” তিনি আরও বলেন, “একটা যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। যদি দুর্নীতি বন্ধ করা যায়, তাহলে দেশ পাঁচ বছরে অনেক দূর এগিয়ে যাবে।”

জামায়াত আমির জানান, জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে তাদের প্রোফাইল তৈরি করে ইতিহাসে সংরক্ষণ করা হবে। আহতদের তথ্যও সংগ্রহ করা হবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “এই সরকার রক্তের ওপর বসে আছে, কিন্তু আহতদের চিকিৎসা নিশ্চিত করতে পারেনি। সরকারের নানা ঘাটতি রয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবের, জেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh