দুর্নীতি মামলায় পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ৮:২০ অপরাহ্ণ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে সাড়ে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জামিনে থাকা পাপিয়া দম্পতি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

দুদকের মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলে বিলাসবহুল খরচ ও প্রায় ৪০ লাখ টাকার শপিংসহ মোট কয়েক কোটি টাকার ব্যয় করেন পাপিয়া, যার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। এছাড়া বাসাভাড়া, গাড়ির ব্যবসা, কার ওয়াশ সলিউশনে বিনিয়োগ ও ব্যাংক হিসাবের কোটি টাকারও বৈধ উৎস মেলেনি।

র‌্যাবের অভিযানে পাপিয়ার বাসা থেকে ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ২২ লাখ টাকার একটি গাড়ি উদ্ধার হয়, যারও বৈধ উৎস প্রমাণ করতে পারেননি তারা।

২০২০ সালের ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন পাপিয়া ও তার স্বামী। দীর্ঘ সাড়ে চার বছর কারাভোগের পর ২০২৪ সালের ২৪ জুন তারা জামিনে মুক্তি পান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh