সব
নিজস্ব প্রতিবেদক,
বৃটেনের ওল্ডহামে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়নের নতুন কমিটির অভিষেক, আলোচনা সভা এবং ডিনার পার্টি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৯ নভেম্বর রাত ৭টায় ওল্ডহামের দি গ্র্যান্ড ভেন্যুতে। প্রবাসীদের দাবিদাওয়া আদায়ে সংগঠনটি নতুন করে অঙ্গীকার ব্যক্ত করে এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালুর জোর দাবি তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিজিওনাল চেয়ারম্যান নাজমুল ইসলাম। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা। শুরুতেই নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদকে শপথবাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাই কমিশনার হিজ এক্সেলেন্সি মোহাম্মদ জুবায়েদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পেট্রন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, কেন্দ্রীয় কো–কনভেনর মাসুদ আহমদ, ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার OBE, ওয়রিংটন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোয়াজ্জেম হোসেন, টেমস সাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার শিবলী আলম, ডেপুটি লর্ড লেফটেন্যান্ট আলী আকবর OBE, এবং আরও অনেকে।
কোরআন তেলাওয়াত করেন বদরুল ইসলাম রফু। বক্তব্য রাখেন সুহেল মিয়া, গনি চৌধুরী, রুহেল আমিন রুহেল, আব্দুল মান্নান মনাফ, সৈয়দ সাদেক আহমেদ, শেখ জাফর আহমেদ, শিপার মিয়া, মুজিবুর রহমান, সৈয়দ মোহাম্মদ কাহের, আনছার উদ্দিন, আব্দুর রউফ তালুকদার ও এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার ও বিশেষ অতিথিদের মাধ্যমে বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ক্রিকেটে এম এ ফাইটার রচডেল দল চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি জুবায়েদ হোসেন সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে প্রবাসীদের দাবিদাওয়া নিয়ে একটি প্রতিনিধি দল নিয়ে হাইকমিশনে আসার আমন্ত্রণ জানান।
বিশেষ অতিথি কে এম আবু তাহের চৌধুরী সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু, ঢাকা–সিলেট ননস্টপ ট্রেন সার্ভিস, ডাবল লাইন নির্মাণ ও মহাসড়কের উন্নয়ন দ্রুত শেষ করার দাবি জানান। তিনি বলেন, রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সিলেটবাসী দীর্ঘদিন ধরে অবহেলার শিকার — যা মেনে নেওয়া যায় না।
কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ে নতুন কমিটি আগামী দুই বছর সোচ্চার ভূমিকা রাখবে এবং কমিউনিটির মুখপাত্র হিসেবে কাজ করবে। তিনি সবাইকে সংগঠনের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতি নাজমুল ইসলাম বলেন, গ্রেটার সিলেটের মানুষের ঐক্য, সহযোগিতা ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা। তিনি সিলেট অঞ্চলের অবকাঠামোগত দুরবস্থা, বঞ্চনা ও প্রবাসীদের প্রশাসনিক জটিলতার বিষয়গুলো তুলে ধরেন।
সভায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান মকিস মনসুর লিখিত প্রস্তাবে ঢাকা–সিলেট ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন করা, এয়ারপোর্টে হয়রানি বন্ধ, সিলেট ওসমানীতে আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি, নো-ভিসা ফি কমানো ও বিমানের ভাড়া হ্রাসের দাবি জানানো হয়। আরও বলা হয়, দাবি বাস্তবায়নে দেরি হলে রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হবে।
বক্তারা বলেন, মহাসড়ক, রেলপথ ও বিমানপথে সিলেটবাসীর ভোগান্তি চরম পর্যায়ে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে প্রবাসীরা বিশ্বব্যাপী আন্দোলনে যেতে বাধ্য হবে।
শেষে নতুন কমিটির নেতারা সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
