জুলাই–আগস্টের রামপুরা হত্যাকাণ্ড: দুই সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ২:০৩ অপরাহ্ণ

জুলাই–আগস্টে রাজধানীর রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় চারজনকে আসামি করে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান দিয়ে লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলমকে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।

শুনানি হবে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে। এই মামলায় রেদোয়ানুল ও রাফাত ছাড়াও পলাতক আসামি হিসেবে রয়েছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান।

গত ২২ অক্টোবর ট্রাইব্যুনালে আনা হলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। আজকের শুনানিতে স্টেট ডিফেন্স নিয়োগ ও আনুষ্ঠানিক অভিযোগ গঠন হতে পারে।

নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইকোর্ট প্রবেশপথ, ট্রাইব্যুনালের মূল ফটকে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

রামপুরা হত্যাযজ্ঞে ২৮ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। ট্রাইব্যুনালে চার আসামির বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দাখিল করা হয়। তদন্ত সংস্থা আগে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh