সব
আন্তর্জাতিক ডেস্ক,

ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মাঝেই দেশটি ও আশপাশের আকাশসীমা পুরোপুরি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এয়ারলাইন্স, পাইলট ও পাচারকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মাদুরো সরকারের ওপর চাপ বাড়ালেন তিনি।
শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এয়ারলাইন্স, পাইলট এবং মাদক ও মানব পাচারকারীদের এসব আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে নতুন এই সতর্কবার্তা দিলেন ট্রাম্প।
এর আগে, মাদক পাচার রোধে দেশটিতে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যার চরমে ভেনেজুয়েলার সাথে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরবর্তীতে, ২৩ নভেম্বর ভেনেজুয়েলায় শিগগিরই নতুন ধাপের অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক চার মার্কিন কর্মকর্তা।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে মাদুরোর নেতৃত্বে ওই সব অবৈধ মাদক সরবরাহে জড়িত বলে অভিযোগ করে আসছে, যা যুক্তরাষ্ট্রে বহু মানুষের প্রাণ নিয়েছে। মাদুরো অবশ্য তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন। গণমাধ্যমকে দুই মার্কিন কর্মকর্তা জানান, বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে হটানোর পরিকল্পনাও রয়েছে। ওয়াশিংটন মাদকবিরোধী অভিযানের কথা বললেও বিশ্লেষকদের মতে, মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই দেশটির এই তৎপরতা।
অপরদিকে, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেছেন, ট্রাম্প তাঁকে উৎখাত করতে চান। তবে, ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন প্রচেষ্টা প্রতিহত করবে বলে দাবি করেন তিনি।