ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে, ধানমন্ডি সর্বাধিক ঝুঁকিপূর্ণ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১:০৪ অপরাহ্ণ

সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২৮২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। রাজধানীর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থান ধানমন্ডি এলাকায়, যেখানে স্কোর ৩৯২, যা ‘বিপজ্জনক’ পর্যায়ে পড়ে।

আইকিউ এয়ারের তালিকায় ঢাকার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো (২৭৮), তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি (২৬০), চতুর্থ চীনের চেংদু (২৪১) এবং পঞ্চম স্থানে ভিয়েতনামের হ্যানয় (১৯৯)।

আইকিউ এয়ারের একিউআই সূচক নির্ধারণ করা হয় বাতাসে ভাসমান কণা (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাইঅক্সাইড (SO2) এবং ওজোন (O3)-এর ভিত্তিতে। ৫১–১০০ স্কোরকে ‘মাঝারি’, ১০১–১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১–উপরকে ‘বিপজ্জনক’ বলা হয়।

ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে চিহ্নিত হয়েছে—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলো। শীতকালে দূষণ চরমে পৌঁছায়, তবে বর্ষাকালে পরিস্থিতি কিছুটা উন্নতি পায়।

আইকিউ এয়ার নগরবাসীর জন্য কিছু পরামর্শ দিয়েছে—খোলা জায়গায় ব্যায়াম না করা, জানালা বন্ধ রাখা, বাইরে বের হলে মাস্ক পরা এবং সম্ভব হলে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh