সিলেট প্রেসক্লাবের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের শুভেচ্ছা বিনিময়

মারুফ হাসান,

  • প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ৯:১০ অপরাহ্ণ

সিলেটের প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। মঙ্গলবার বিকেলে ক্লাব ভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা হ্রাস, বর্ডার হাট বন্ধ ও স্টুডেন্ট স্কলারশীপ কমে যাওয়ার বিষয়ে সাংবাদিকরা আলোকপাত করেন।
ক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ভারতীয় ভিসা ইস্যু হ্রাস পাবার বিষয়টি স্বীকার করে বলেন, এটা সাময়িক ব্যাপার। নতুন সরকার গঠনের পর ভিসার বিষয়টি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামীতে বর্ডার হাট চালু ও স্টুডেন্ট স্কলারশীপ চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। তিনি বলেন, আমরা বাংলাদেশের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চাই। তিনি সিলেটের মানুষের অতিথিপরায়ণতার প্রশংসা করেন। সহকারী হাইকমিশনার সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, ভারতের আসাম-কলকাতার মতো বাংলাদেশ তথা সিলেটের সংস্কৃতি প্রায় অভিন্ন। ভারত-বাংলাদেশের মধ্যকার বন্ধন অটুট রাখতে উভয় দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার ভিত্তিতে। ভারতীয় সহকারী হাইকমিশনার শুভেচ্ছার নিদর্শন হিসাবে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরকে একটি উত্তরীয় উপহার দেন।

এ সময় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অব ইন্ডিয়া, সিলেট-এর সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার এন্ড এডুকেশন) মি. রাজেশ ভাটিয়া ও হাইকমিশনের কর্মকর্তা মি. মিথুন উপস্থিত ছিলেন।

সিলেট প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন- ক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি মো. ফয়ছল আলম, সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন ও আনাস হাবিব কলিন্স।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh