উপসাগরীয় অঞ্চলে দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ

জ্বালানি পাচারের অভিযোগে পারস্য উপসাগরীয় জলসীমা থেকে ১৫ জন বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার এই অভিযান চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আইআরজিসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইরানের উপকূলীয় এলাকায় সন্দেহভাজন দুটি ট্যাঙ্কারে তল্লাশি চালানো হয়। অভিযানে দেখা যায়, ট্যাঙ্কার দুটি অবৈধভাবে ১০ লাখ লিটারের বেশি জ্বালানি তেল পাচার করছিল। এরপরই সামরিক বাহিনী জাহাজ দুটিকে নিজেদের হেফাজতে নেয়।

তবে জব্দকৃত ট্যাঙ্কার দুটি কোন দেশের পতাকাবাহী কিংবা আটককৃত নাবিকদের নাগরিকত্ব কোন দেশের, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, এই আটকের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন অভ্যন্তরীণ অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। গত ডিসেম্বরের শেষে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই বিক্ষোভ দমনে কঠোর বলপ্রয়োগ করেছে তেহরান, যাতে এ পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

ইরানের এই চলমান অস্থিরতা এবং পরমাণু চুক্তি নিয়ে ওয়াশিংটনের কড়া সতর্কবার্তার পর অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন করা হয়েছে। এমন অস্থিতিশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ইরান বিদেশি ট্যাঙ্কার জব্দের এই পদক্ষেপ নিল দেশটি।

আইআরজিসি জানিয়েছে, আটক ১৫ নাবিককে ইতিমধ্যে বিচারের জন্য ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh