অপপ্রচার, ভোট কেনা ও ভয়ভীতির অভিযোগে সিলেটে বিএনপির প্রতিবাদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে এক রাজনৈতিক দলকে লক্ষ্য করে অপপ্রচার, ভোট কেনা, ভয়ভীতি প্রদর্শন এবং ভোটকেন্দ্র দখলের প্রস্তুতির মতো একাধিক গুরুতর অভিযোগ এনেছে বিএনপি। শনিবার দুপুরে নগরীর কাজিটুলা এলাকায় সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটি এসব অভিযোগ তুলে ধরে তীব্র প্রতিবাদ জানায়।

সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী লিখিত বক্তব্যে বলেন, “একটি স্বাধীনতাবিরোধী ও অশুভ চক্র পরিকল্পিতভাবে দেশজুড়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়াচ্ছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।”

কয়েস লোদী অভিযোগ করেন, সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। একটি রাজনৈতিক দল কোমলমতি শিশু ও নারীদের বিভ্রান্ত করতে বাড়ি বাড়ি গিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে।

নির্বাচনী প্রচারণায় শিশু-কিশোরদের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। প্রকাশ্য জনসভায় ধর্মকে ব্যবহার করে “বেহেশতের প্রলোভন” দেখিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে— যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

বিএনপির দাবি, নগরী ও সদর উপজেলার একাধিক ভোটকেন্দ্রে একটি বিশেষ রাজনৈতিক দল বেআইনিভাবে প্রভাব বিস্তার ও কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা ইতোমধ্যে প্রশাসনকে দেওয়া হয়েছে এবং সেসব কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।

প্রতিপক্ষ প্রার্থী ও তার সমর্থকরা প্রকাশ্যে অর্থ বিতরণ করে ভোট কিনছেন বলে বিএনপি অভিযোগ করে। নিম্ন আয়ের মানুষের মধ্যে টাকা বিতরণের প্রমাণ স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে জানানো হয়।

প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশনের গোপনীয় ও সংরক্ষিত ছবিযুক্ত ভোটার তালিকা অবৈধভাবে সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে তা প্রদর্শন ও বিতরণ করছেন— যা ভোটারদের গোপনীয়তা লঙ্ঘন ও নির্বাচনী আইনের পরিপন্থী।

জেলার ছয়টি আসনের মধ্যে অন্তত তিনটিতে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা বেড়েছে বলে উল্লেখ করা হয়, যা নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক।

সংবাদ সম্মেলনে কয়েস লোদী বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। কিন্তু এভাবে আচরণবিধির লঙ্ঘন চলতে থাকলে সাধারণ মানুষের ভোটাধিকার ও নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।”

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপপ্রচারের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh