এমন বাজে দিন ১৫ বছরেও আর দেখেনি রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ

ম্যাচের আগেই একটা চ্যালেঞ্জ হাজির আলভারো আরবেলোয়ার সামনে। তাঁর আগে রিয়াল মাদ্রিদে দায়িত্ব নেওয়া সর্বশেষ চার কোচের মোটে একজন (জিনেজিন জিদান) লা লিগার ম্যাচে ওসাসুনার মাঠে প্রথমবার গিয়েই জয় নিয়ে ফিরতে পেরেছিলেন। আরবেলোয়া কি জিদানের পাশে বসতে পারবেন?

কিন্তু এমন চ্যালেঞ্জে পাস করতে পারেননি ৪৩ বছর বয়সী এ কোচ। ওসাসুনার মাঠ স্তাদিও এল সাদারে গতকাল শনিবার রাতে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ২০১১ সালের পর এই প্রথম ওসাসুনার মাঠে হারল লস ব্ল্যাঙ্কোরা। তাতে এক সপ্তাহ না যেতেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নড়বড়ে হয়েছে মাদ্রিদের।

২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে মাদ্রিদ এখনো শীর্ষেই আছে। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। তবে কাতালান ক্লাবটি একটি ম্যাচ কম খেলেছে। হাতে থাকা ওই ম্যাচে আজ লেভান্তেকে হারাতে পারলেই শীর্ষস্থান পুনরায় দখল করবে হানসি ফ্লিকের দল।

ওসাসুনাকে হারাতে পারলে শীর্ষস্থান হাতছাড়া নিয়ে এমন শঙ্কায় থাকতে হতো না রিয়াল মাদ্রিদকে। ম্যাচটা হারার পর আরবেলোয়া জানিয়েছেন, তাঁর দল আর ভালো খেলতে পারে। কিন্তু গতকাল খেলায় গতি কম ছিল বলে জানান তিনি। সঙ্গে মাদ্রিদ কোচ এটাও জানিয়েছেন, তাঁর দল শুধু বাম উইং দিয়েই আক্রমণ করছে, ডান উইং দিয়েও খেলতে হবে!

গতকালের ম্যাচে বল দখলে মাদ্রিদ এগিয়ে থাকলেও আক্রমণে দুদলই পাল্লা দিয়ে লড়েছে। এর মধ্যে ম্যাচের ২৪ মিনিটে থিবো কোর্তোয়া দুর্দান্ত একটা সেভ করে মাদ্রিদের গোলমুখ অক্ষত রাখেন। তবে খুব বেশি সময় সেটা ধরে রাখতে পারেননি। ১০ মিনিট পর বুদিমিরকে ফাউল করে বসেন মাদ্রিদ গোলকিপার।

রেফারি শুরুতে ডাইভিং ভেবে বুদিমিরকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। পরে ভিএআর যাচাইয়ে সেই হলুদ কার্ড তুলে নিয়ে কোর্তোয়াকে দেখান, আর ওসাসুনাকে পেনাল্টি দেন। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় জালে বল জড়িয়ে ওসাসুনাকে এগিয়ে দেন বুদিমির।

গোল হজম করে আক্রমণ বাড়িয়ে দেওয়া মাদ্রিদ কোনোভাবেই সমতায় ফিরতে পারছিল না। ৭০ মিনিটে এমবাপ্পে একবার জালে বল জড়ালেও সেটা বাতিল হয় অফসাইডে। এর দু মিনিট পর ভালভার্দের ক্রসে পা লাগিয়ে স্কোরলাইন ১-১ করেন ভিনিসিয়ুস। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে ওসাসুনার জয় নিশ্চিত করে মাদ্রিদকে খালি হাতে ফেরান রাউল গার্সিয়া।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশার সুরে আরবেলোয়া বলেছেন, ‘ম্যাচটা মোটেও আমাদের জন্য ভালো ছিল না। আমরা আরও অনেক কিছু করতে পারি, আরও ভালো খেলতে পারি। সপ্তাহের মাঝামাঝি ম্যাচ খেলে আবার রোববার খেলাটা সহজ নয়। কিন্তু এটা রেয়াল মাদ্রিদ। এই ক্লাবের প্রত্যাশা অনেক। তবে এখানে (ওসাসুনার মাঠে) খেলাটা কঠিন হবে, আমরা জানতাম।’

গতকালের ম্যাচের আগে সব ধরনের প্রতিযোগিতায় টানা চার ম্যাচ জিতে দারুণ ছন্দে ছিল মাদ্রিদ। এ অবস্থায় হঠাৎ ছন্দপতন কেন, সেটার ব্যাখ্যায় মাদ্রিদ কোচ বলেছেন, ‘এটা সত্য যে, কেউই হারতে চায় না। তবে মৌসুমটা দীর্ঘ। এখনও অনেকটা বাকি। ম্যাচের প্রথমার্ধটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু আমাদের খেলায় গতি কম ছিল। বল আরও দ্রুত ছাড়তে হবে।’

মাদ্রিদ কোচ যোগ করেন, ‘আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। উইং দিয়ে আক্রমণ বাড়াতে হবে। আমরা বেশিরভাগ সময় বাঁ দিক দিয়ে খেলছি, কিন্তু অন্য দিক থেকেও খেলতে হবে। তা না হলে আমাদের আটকানো সহজ হয়ে যাবে।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh