সব
আন্তর্জাতিক ডেস্ক,
ভারতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও বাংলাদেশের চরমপন্থী সংগঠনের আট কর্মী আটক হয়েছেন। সূত্রের বরাতে রোববার এ তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন বলছে, দিল্লি পুলিশ পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং বাংলাদেশ-ভিত্তিক চরমপন্থী সংগঠনগুলোর সাথে যুক্ত একটি বড় সন্ত্রাসী মডিউলের সন্ধান পেয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিরা ভারতে বিদেশি কোনো গ্রুপের নির্দেশে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন।
তামিলনাড়ুর তিরুপুর জেলার পোশাক কারখানা থেকে মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল নামে ছয়জনকে আটক করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক এবং তাদের পরিচয় গোপন করার জন্য জাল আধার কার্ড ব্যবহার করার অভিযোগ রয়েছে।
প্রতিবেদন বলছে, দিল্লিতে জনাকীর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলোকে লক্ষ্য করে পাকিস্তান-ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সম্ভাব্য সন্ত্রাসী পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীজুড়ে উচ্চ সতর্কতা জারি করার একদিন পরই আটক করা হলো আটজনকে।
তামিলনাড়ুতে অভিযান সম্পর্কে দিল্লি পুলিশের বিশেষ সেল জানিয়েছে, সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থনকারী অনলাইন পোস্টগুলোর তদন্তের পরে এই অভিযান চালানো হয়। ফলে স্থানীয় পুলিশের সহায়তায় দলটি তিরুপুরে পৌঁছেছিল।
এতে জানানো, তদন্তকারীরা দেখতে পান, ছয়জন ব্যক্তি এই অঞ্চলের পোশাক কারখানায় কাজ করছিলেন এবং তাদের কাছে জাল আধার কার্ড ছিল। অভিযানের সময় পুলিশ আটটি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করেছে।