তাইম হত্যা: ১১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার অভিযোগ গঠন করে এ আদেশ দেয়।

বেঞ্চের অপর দুই সদস্য হলেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তাইম হত্যা মামলায় সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ মার্চ দিন রাখা হয়েছে।

এ মামলায় গ্রেপ্তার দুই আসামি যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলীকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পলাতক রয়েছেন ঢাকা মহানগর পুলিশ-এর তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মাসুদুর রহমান মনির, তৎকালীন সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন ও এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উজ জামান।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও দুই নম্বর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর গ্রেপ্তার আসামিদের অভিযোগ পড়ে শোনান।

অভিযোগ পড়া শেষে কাঠগড়ায় থাকা আবুল হাসান ও শাহাদাত আলীকে দোষ স্বীকার করবেন কি না জিজ্ঞেস করেন বিচারক শাহরিয়ার কবির। এ সময় আসামিরা দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন কৌঁসুলি মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিমসহ অন্যরা।

গ্রেপ্তার দুই আসামির পক্ষে ছিলেন আইনজীবী আবুল হাসান। পলাতক ৯ জনের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও লোকমান হাওলাদার।

গত ২৮ জানুয়ারি ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। গত বছরের ২৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই অভ্যুত্থান চলাকালীন ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গুলিতে তাইম নিহত হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে হত্যার নির্দেশ, উসকানি-প্ররোচনাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ।

নিহত তাইমের বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়া একজন পুলিশ কর্মকর্তা। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

পরে কৌঁসুলি গাজী এম এইচ তামিম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আজকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ীতে ইমাম হোসেন তাইম নামে এক কিশোরকে পুলিশ কর্তৃক গুলি করার মামলার দিন ধার্য ছিল। আপনারা জানেন যে, ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে এবং তাকে সরাসরি আরেকজন পুলিশ কর্মকর্তার গুলি করার ভিডিও আমরা সোশাল মিডিয়াতে দেখতে পাই।

“আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধুর পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক- টার্গেট করে তাকে বারবার গুলি করছে।”

তামিম বলেন, “সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। ট্রাইব্যুনাল ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh