সব
স্বদেশ বিদেশ ডট কম
প্রচণ্ড শীত ও বৃষ্টি উপেক্ষা করে যুক্তরাজ্যের কার্ডিফে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় প্রবাসী বাংলাদেশিরা।
ওয়েলস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালিত হয়। এতে কার্ডিফের কাউন্সিলরবৃন্দ, মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাস্ট কমিটি, ওয়েলস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়েলস কার্ডিফ বিএনপি, যুবদল, ছাত্রদল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিয়ন, অর্গানাইজেশন ফর দ্য রেকগনিশন অব বাংলা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস সাউথ ওয়েলস কমিটি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি এবং বাংলাদেশ থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর দিলওয়ার আলীর সভাপতিত্বে এবং শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় মনুমেন্ট প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী আলহাজ্ব আসাদ মিয়া, রাজনীতিবিদ গোলাম মর্তুজা, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, সাবেক ছাত্রনেতা সাজেল আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম ও মহিলা প্রতিনিধি সায়েদা আফরীন জাহান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একুশ শুধু শোকের দিন নয়; এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। একুশের পথ ধরেই আমরা পেয়েছি লাল বৃত্তের সবুজ পতাকা।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা শেখাতে বাংলা স্কুলে পাঠানোর আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা এবং বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্দোলনে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান সফল করতে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাউন্সিলর দিলওয়ার আলী বলেন, ভাষা আন্দোলনের রক্তঝরা দিনটি এখন আর শুধু বেদনার নয়; এটি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব ভাষার অধিকার প্রতিষ্ঠার এক সর্বজনীন দিবসে পরিণত হয়েছে।