পৈতৃকভিটার পথে তারেক রহমান, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার পৈতৃকভিটা বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশান অ্যাভেনিউয়ের বাসা থেকে তিনি উত্তরের পথে রওনা হন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি গণমাধ্যমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ার পথে। সড়ক পথে তিনি বগুড়া যাচ্ছেন। সাথে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন।”

সরকারপ্রধান তার বাসে করে সফরসঙ্গীদের নিয়ে যাচ্ছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। যাবেন পৈতৃক বাড়িতেও। বিকালে যোগ দেবেন বিএনপির জনসভায়।

এসব কর্মসূচি শেষে রাতে সড়ক পথেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানান তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম তারেক রহমান নিজের জন্মস্থান বগুড়ায় আসছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি: সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১টায় গাবতলীর বাগবাড়িতে জিয়াউর রহমানের গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ১টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, পৌনে ২টায় নসিপুরে চৌকিদহ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী যাবেন বাগবাড়ির নিজের পৈত্রিক বাড়িতে।

বিকালে ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনসভা শেষে করে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বগুড়া বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh