সাত বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা, দেশজুড়ে বৃষ্টির আভাস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

বরিশাল বিভাগ ছাড়া দেশের সাত বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার কালবৈশাখী ঝড় সম্পর্কিত বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত সকালের বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, “বরিশাল অঞ্চলে বৃষ্টি হতে পারে, তবে কালবৈশাখীর সম্ভাবনা কম। আগামী চারদিন এরকম ঝড়বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এরপর থেকে কমে আসবে।”

তিনি আরও বলেন, “এরপরও রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। তবে সারাদেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পাশাপাশি রাঙ্গামাটি, লক্ষ্মীপুর ও বান্দরবান জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ময়মনসিংহে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় দেশের সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে টাঙ্গাইলে। এছাড়া কিশোরগঞ্জের নিকলিতে ৫৪ মিলিমিটার, রংপুর ও সিরাজগঞ্জের তাড়াশে ৫১ মিলিমিটার এবং সিলেটের শ্রীমঙ্গলে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh