সারা দেশে কালবৈশাখীর সতর্কতা: সমুদ্র বন্দরে ৩ ও নদী বন্দরে ২ নম্বর সংকেত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং আগামী ৯৬ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সারাদেশে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে।​ কালবৈশাখীর এই ধারা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ​চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে।

এদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারিবর্ষণ হিসেবে চিহ্নিত। রাজধানী ঢাকায় অতি ভারিবর্ষণের পূর্বাভাস না থাকলেও প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী নিয়ে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি/ঘণ্টা বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh