হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ মে ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ণ

টানা বৃষ্টিতে হাওরে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহযোগিতার তহবিল বাড়ানোর কথা বলেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেছেন, “আক্রান্ত হাওরাঞ্চলের জেলা প্রশাসক ও কৃষি অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্তদের তথ্য নিচ্ছে সরকার। যারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সরকারের যে তহবিল সেটি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেইসঙ্গে যেসব বেড়িবাঁধ ভেঙে হাওর প্লাবিত হয়েছে, সেগুলো টেকসই করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

শনিবার কুমিল্লায় শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর জেলা পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাতীয়ভাবে এদিন বিকাল পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লায় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী।

ইউনিয়নে ইউনিয়নে মাইকিং করে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করার কথা জানিয়ে আমিন উর রশিদ বলেন, “ইউনিয়ন পর্যায়ে ধান সংগ্রহ করা হলে কৃষকরা ৩০ শতাংশ পর্যন্ত বেশি লাভবান হবেন। হাওরে চরম ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় তিন মাসের খাদ্যবান্ধব কর্মসূচি এবং অন্যদেরও সহযোগিতার আওতায় আনায় প্রকল্প নেওয়া হবে।”

এর আগে মন্ত্রী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেন, ‘‘কৃষিই অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই কৃষকের মর্যাদা বাড়লে দেশের মর্যাদা বাড়বে।’’

ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার এবং দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh