সব
লন্ডন প্রতিনিধি,
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পর নবনির্বাচিত কার্যকরী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বিবিসিসিআই কনফারেন্স হলে অনুষ্ঠিত নির্বাচনে একমাত্র ফাইন্যান্স ডিরেক্টর পদে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মহিব চৌধুরী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াছে চৌধুরী, ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ, ডেপুটি ডিরেক্টর জেনারেল আবদুল মুমিন, ফাইন্যান্স ডিরেক্টর আবুল কালাম আজাদ এবং মেম্বারশিপ ডিরেক্টর মোস্তফা আহমেদ লাকি।
নির্বাচনে শুধুমাত্র ফাইন্যান্স ডিরেক্টর পদে প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় এ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খানকে দুই ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন আবুল কালাম আজাদ। অন্যদিকে সভাপতি, ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর জেনারেল, ডেপুটি ডিরেক্টর জেনারেলসহ অন্যান্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ বিচারক নজরুল খসরু, কমিউনিটি ব্যক্তিত্ব ড. জাকির খান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী।
ফলাফল ঘোষণার সময় বিপুল সংখ্যক ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি মহিব চৌধুরী বলেন, “চেম্বারের সহকর্মী ডিরেক্টরদের আস্থা ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা সবাই মিলে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর বিবিসিসিআই গড়ে তুলতে কাজ করব, যা সদস্যদের স্বার্থ রক্ষা করবে এবং আগামী প্রজন্মের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।”
ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ বলেন, “এটি শুধু একটি নির্বাচনের ফল নয়, বরং বিবিসিসিআই’র জন্য একটি নতুন যাত্রার সূচনা। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যসেবার মান উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই হবে আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ঐক্য, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব হবে আমাদের কার্যক্রমের মূল ভিত্তি। সকল পরিচালক, সদস্য এবং অংশীজনের সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও প্রভাবশালী বিবিসিসিআই গড়ে তুলতে বদ্ধপরিকর।”
নবনির্বাচিত কমিটির সদস্যরা ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থে নতুন উদ্যোগ গ্রহণ, সদস্যদের জন্য অধিক সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক পরিসরে বিবিসিসিআই’র অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ব্রিটিশ-বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন বিবিসিসিআই গত তিন দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ কারণে সংগঠনটির নির্বাচনকে ঘিরে প্রবাসী কমিউনিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।