সন্তানকে নিয়ে সুগন্ধায় ঝাঁপ মায়ের, এগিয়ে এলেন স্থানীয়রা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটিতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি তৌহিদুজ্জান।

উদ্ধার হওয়া লাকি আক্তার নলছিটি হারিকেলি এলাকার আজিজ মোল্লার মেয়ে। নলছিটি শহরের বাসিন্দা আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সঙ্গে সম্প্রতি তার বিবাহ বিচ্ছেদ হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে ওই নারী ৫ বছর বয়সি মেয়েকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও মেয়েকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

লাকি আক্তার বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে কলহ লেগে থাকতো। কিছুদিন আগে স্বামীকে তিনি ডিভোর্স দেন। পরে মেয়েকে তার কাছ থেকে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন সাবেক স্বামী। এ কারণে মানসিক হতাশায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, “লাকি তার বাবার পরিবারের সঙ্গেই থাকেন। ২০ দিন আগে আমাদের বিচ্ছেদ হলেও তার সঙ্গে আমার তিন মাস ধরে কোনো যোগাযোগ নেই। কেন তিনি এমন ঘটনা ঘটাতে গেলেন তা আমার জানা নাই।”

ওসি তৌহিদুজ্জান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh