সব
সিলেট ব্যুরো অফিস,

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন (দয়ামীর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী নিহত হন।
পরে গুরুতর আহত ৩ বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়ায়। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় আহত অন্তত ২৫ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও উদ্ধার কার্যক্রম শেষে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।