ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিল পাস করেছে মার্কিন সিনেট। এর ফলে রাশিয়ার তেল বা প্রাকৃতিক গ্যাসের বিশ্বের শীর্ষ পাঁচ ক্রেতার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউক্রেনের কট্টর সমর্থক ও প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সম্মানে নামকরণ করা এই বিল সিনেটে ৮৬-১১ ভোটে অনুমোদিত হয়।

প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানিয়ে আসছিলেন গ্রাহাম। সিনেটে তার স্থলাভিষিক্ত হওয়া বোন ডারলিন গ্রাহাম বলেন, এই বিলটি ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঠিক জায়গায় আঘাত হানবে’।

আগামী ৩১ আগস্ট মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টিটিভে নতুন অধিবেশনে বিলটি অনুমোদনের জন্য উঠবে।

এই বিলের মাধ্যমে প্রেসিডেন্টকে রাশিয়া থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কেনা শীর্ষ পাঁচ দেশের ওপর শুল্ক আরোপের একচ্ছত্র অধিকার দেওয়া হয়েছে। বর্তমানে ভারত, চীন, আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া রাশিয়া থেকে তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের তালিকায় রয়েছে।

তবে যেসব দেশ তাদের প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের ১৫ শতাংশের কম রাশিয়া থেকে আমদানি করে এবং সেই আমদানি কমাতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে, তাদের জন্য বিলে শিথিলতার বিধান রাখা হয়েছে।

আইনটিতে পুতিন, রাশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা, দেশটির আর্থিক প্রতিষ্ঠান এবং জ্বালানি প্রকল্পগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবও করা হয়েছে। এ ছাড়া, রুশ তেল ও জ্বালানি রাজস্বের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে মস্কো যেসব পুরোনো ও নতুন পতাকাবাহী তেলের ট্যাংকার ব্যবহার করছে, সেগুলোকে এই বর্ধিত নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি এই বিলে ১৯৯৬ সালের ‘ইরান স্যাংশনস অ্যাক্ট’-এর মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ওপর জরিমানা আরোপ করা হয়ে থাকে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh