চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে ‘পুশ ইন’ চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

রোববার (৯ আগস্ট) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজিবি জানায়, বিএসএফের ৩২ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা এক পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।

সীমান্তের ৭০/২-এস নম্বর পিলারের কাছে ভারতের নিরাপত্তাবেষ্টনীর একটি ফটক দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।

এ সময় দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা বাধা দেন। ফলে ওই তিনজন বাংলাদেশে ঢুকতে পারেননি। এরপর তারা শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৪০ গজ ভেতরে অবস্থান নেন।

বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিলে বিএসএফের সদস্যরা ৬৮/৫-এস নম্বর সীমান্ত পিলারের কাছে একটি ফটক খুলে ওই তিনজনকে আবার ভারতের ভেতরে নিয়ে যান।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুশ ইন ও অবৈধ পারাপার ঠেকাতে বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh