সব
স্বদেশ বিদেশ ডট কম

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেট যাবেন তিনি।
নতুন রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত হচ্ছে সিলেট। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নগরে চলছে সৌন্দর্যবর্ধণের কাজ। নগরের গুরুত্ব সড়কগুলোর ডিভাইডার, কিন ব্রিজ, সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় নতুন রং করা হচ্ছে। লাগানো হচ্ছে গাছ। এছাড়া সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবং হযরত শাহজালাল (রহ.) মাজারেও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধণের কাজ চলছে।
মঙ্গলবার বিকেলে বিমানযোগে সিলেট যাবেন রাষ্ট্রপতি। সিলেটে নেমে প্রথমেই হযরত শাহজালাল (রাহ.) ও হযরত শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া করা হবে। তাই নগরভবনে চলছে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণসহ প্রস্তুতির কাজ।
রাষ্ট্রপতির মাজার জিয়ারত উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে শনিবার দুপুরে হযরত শাহজালাল (রাহ.) দরগাহ শরিফ পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এদিকে, রাষ্ট্রপতির সফর ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে মাঠে থাকছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিপুলসংখ্যক সদস্যসহ র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। সফরকে কেন্দ্র করে এরই মধ্যে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
রাষ্ট্রপতির সফরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সোমবার দুপুরে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শনে যান সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
তিনি সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতির সফরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে।’
তিনি বলেন, ‘এসএসএফের সঙ্গে এসএমপি, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয় সভার নির্দেশনা অনুযায়ী নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাও।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির সফর ঘিরে এসএমপির প্রায় এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্বে থাকবেন প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজারসহ সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন সাদা পোশাকের সদস্যরাও।’
নিরাপত্তার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে নগরের যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা। সবকিছু মিলিয়ে রাষ্ট্রপতির সফরকে নিরাপদ, নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন এসএমপি কমিশনার।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে সিলেটবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এতে সব শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেবেন।’