বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ


ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর এবং বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে ভারতীয় হাইকমিশনারের প্রতি এই আহ্বান জানান মাহদী আমিন। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাড়েও উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টার দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত হন। একই সঙ্গে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়েও এই সাক্ষাতে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতার ওপর আলোচনায় জোর দেওয়া হয়। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে বলে মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদী একমত পোষণ করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh